২০২৬ সালের হজ ফ্লাইট আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে শুরু হতে যাচ্ছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, খুব শিগগিরই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে সৌদি আরবে পৌঁছাতে পারেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
৬ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ১২, ২০২৬
