সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে ব্যারিস্টার মাহবুব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার
অবনতি হলে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন।ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট কোটায় (সংসদ সদস্য না হয়েও) এ দায়িত্বে ছিলেন।
১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
৬ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ১২, ২০২৬
