জাতীয় সংসদে দাঁড়িয়ে কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য।
সোমবার (৬ এপ্রিল) সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, কুমিল্লা একটি অত্যন্ত ঐতিহাসিক
জেলা। শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় এ জেলার অবদান উল্লেখযোগ্য। এ কারণে কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।তিনি আরও বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকারও কুমিল্লায় বিভাগ করার ঘোষণা দিয়েছিল, তবে কুমিল্লা নামে নয়। তারা অন্য নামে বিভাগ করতে চেয়েছিল, যুক্তি হিসেবে বলা হয়েছিল ‘কুমিল্লা’ নামটি নাকি উপযুক্ত নয়।
তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে কুমিল্লা বিভাগকে “ময়নামতি” এবং ২০২২ সালে “মেঘনা” নামে করার প্রস্তাব দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে এ নিয়ে কুমিল্লার সাধারণ মানুষ দল-মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছিল। পরবর্তীতে সরকার সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।
শেষে তিনি সংসদে অনুরোধ জানান, কুমিল্লা বিভাগকে “কুমিল্লা” নামেই বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
৮ ঘন্টা আগে সোমবার, এপ্রিল ৬, ২০২৬
