Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

খেলাধুলা

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আসছে

ডেস্ক রিপোর্ট:
৩ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
# ফাইল ফটো



বিশ্বকাপ সামনে রেখে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।


বিবিসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার-ফাইনালের পর দুই ধাপে হলুদ কার্ড ‘অ্যামনেস্টি’ বা মুছে ফেলার নতুন প্রস্তাব নিয়ে এগোচ্ছে সংস্থাটি।


বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো দল কোয়ার্টার-ফাইনালে উঠতে পাঁচটি ম্যাচ খেলে এবং এই সময়ের

মধ্যে দুইটি হলুদ কার্ড দেখলেই খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। তবে আসন্ন বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হচ্ছে, ফলে ম্যাচসংখ্যাও বাড়ছে।


এতে খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞার ঝুঁকি অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নতুন প্রস্তাবে তাই দুই ধাপে কার্ড মুছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ ম্যাচ—বিশেষ করে সেমিফাইনাল মিস করার ঝুঁকি কমে।


প্রস্তাব অনুযায়ী, দুইটি হলুদ কার্ডেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে গ্রুপ পর্ব শেষে সব কার্ড মুছে যাবে।


এরপর নকআউট পর্বে (শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার-ফাইনাল) নতুন করে গণনা শুরু হবে এবং কোয়ার্টার-ফাইনালের পর আবারও কার্ড রিসেট করা হবে।

অর্থাৎ, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে গ্রুপ পর্বের তিন ম্যাচে দুইবার বুকিং পেতে হবে, অথবা নকআউট পর্বের নির্দিষ্ট ধাপে দুইবার হলুদ কার্ড দেখতে হবে।


এই প্রস্তাব নিয়ে মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।


ফিফার মতে, কার্ডসংখ্যা তিনে বাড়ানোর বদলে দুই ধাপে ‘কাট-অফ’ রাখা হলে তা আরও ন্যায্য হবে এবং বড় ম্যাচগুলোতে তারকা খেলোয়াড়দের অনুপস্থিতির সম্ভাবনাও কমবে।

৩ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন