Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

খেলাধুলা

আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশের দুই ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

ডেস্ক রিপোর্ট:
২ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
# ফাইল ফটো



আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। 


রাজশাহীতে অনুষ্ঠিত আইসিসি ওইমেন্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লেভেল-১ অপরাধে দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।


আইসিসি জানিয়েছে, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন।

শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর তিনি প্যাভিলিয়নের দিকে ইশারা করে ‘সেন্ড-অফ’ দেন, যা প্রতিপক্ষকে উসকে দেওয়ার শামিল।


অন্যদিকে, শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেন। এলবিডব্লিউ আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ব্যাট দেখান এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন তিনি।


ঘটনার পর দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


শাস্তির অংশ হিসেবে দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তবে গত ২৪ মাসে তাদের কোনো পূর্ব অপরাধ না থাকায় আপাতত বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি।


উল্লেখ্য, আইসিসির লেভেল-১ অপরাধে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে তা সাসপেনশনে রূপ নেয়, যা ভবিষ্যতে ম্যাচ নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

২ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন