Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

বিশ্ব

পাকিস্তানে পদদলিত হয়ে নারী-শিশুসহ ১২জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
২৮ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১২জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেছেন, গতকাল শুক্রবারের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করতে উপস্থিত কয়েকশ’ মানুষ একে অপরকে

ধাক্কা দিতে শুরু করলে এই পদদলনের ঘটনা ঘটে। এ সময় অনেকে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান।


স্থানীয় বাসিন্দারা বলেছেন, ড্রেনের পাশের একটি দেয়ালও ধসে পড়ে। পদদলিত হওয়ার সময় মানুষ আহত ও নিহত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে।


পুলিশ কর্মকর্তা হাশমি বলেছেন, যে কারখানার মালিক এই খাবার বিতরণের আয়োজন করেছেন তিনি পুলিশকে এই বিষয়ে অবহিত করেননি। ফলে খাবার বিতরণ সম্পর্কে পুলিশ কিছু জানতো না। জানলে সেখানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হতো।

এদিকে, কর্তৃপক্ষকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

উল্লেখ্য, পাকিস্তানে গত সপ্তাহে রমজান মাস শুরু হওয়ার পর থেকে খাবার বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে নিহতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত পদদলিত হয় মোট ২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

২৮ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন