মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে অবরোধ নীতি থেকে সরে এসে আলোচনায় ফিরতে চাপ দিচ্ছে সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব।
তাদের মতে, এই অবরোধ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। এর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়ে। ইরানকে প্রণালি খুলতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের ঘোষণা দেয়, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।
সৌদি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতির জেরে ইরান বাব আল-মান্দেব প্রণালিতেও প্রভাব ফেলতে পারে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ পথটি বৈশ্বিক বাণিজ্য, বিশেষ করে সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হরমুজ ও বাব আল-মান্দেব—উভয় প্রণালিই বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে বিবেচিত। এদের যেকোনো একটিতে অস্থিরতা দেখা দিলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হতে পারে।
৮ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
