কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় ভর্তিচ্ছুদের উপস্থিতির হার ছিল ৬৭.৪২ শতাংশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ছিল ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়ে ৪৬ হাজার ৩৩৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩১ হাজার ২৪১ জন, যা মোট আবেদনকারীর ৬৭.৪২ শতাংশ।
কেন্দ্রভিত্তিক উপস্থিতির তথ্য অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জন আবেদন করলেও পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৯ হাজার ৮২১ জন। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আবেদনকারী ১৬ হাজার ৫১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৭৭৬ জন।
ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়েছে এবং ন্যূনতম পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৩।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
