কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় পাশাপাশি তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল শুক্রবার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আজ শনিবার মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিন বিকেল ৩টায় বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছে শাখা ছাত্রশিবির ও ছাত্রদল।
শাখা ছাত্রশিবির সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে শহীদ ওসমান হাদী গার্ডিয়ান প্যাভিলিয়ন এবং শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পাচ্ছেন। এছাড়া পানির ব্যবস্থা, পরীক্ষাকেন্দ্রে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য বাইক সার্ভিস, এবং বই, কলম, স্টিকারসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করছে শিবির।
এর আগে ভর্তি পরীক্ষার্থীদের জন্য শিবিরের উদ্যোগে ফ্রি বাস সার্ভিস ‘আর রিহলাহ’ চালু করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাতভিত্তিক এসব বাস পদুয়ার বাজার ও রেলস্টেশন থেকে ক্যাম্পাসে চলাচল করছে। পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা কয়েক হাজার শিক্ষার্থীর জন্য শিবিরের মেসে আবাসন ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তারা।
অন্যদিকে শাখা ছাত্রদলও ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। ছাত্রদল সূত্রে জানা যায়, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, বসার স্থান, শিশুদের জন্য চকলেট বিতরণ, প্রাথমিক চিকিৎসা সেবা দিতে মেডিকেল ক্যাম্প এবং জরুরি প্রয়োজনে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে ‘সবার আগে বাংলাদেশ’ বাইক সার্ভিস ফ্রি চালু করা হয়েছে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে উভয় সংগঠনের এসব উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।
৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
