Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ার জন্য নানা কৌশল খুঁজছে। তবে তাদের সেই সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবার কোনও কারণ নেই।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভার আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশ ‘মৃত্যু উপত্যকায়’ পরিণত হয়েছিল। বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। জাতি এসব ঘটনার কথা স্মরণ করবে এবং সব গুম-খুনের বিচার নিশ্চিত করতে হবে।


তিনি বলেন, শিলংয়ের বন্দিশালায় থাকাকালে অনেকেই সব সময় আল্লাহর কাছে দোয়া করেছেন-পরিবারের সদস্যদের আর কখনও দেখতে পারবেন কি না। এ ধরনের নির্যাতনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি তাদের কিছু কর্মসূচি স্থগিত করেছিল। কিন্তু কিছু রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন এই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখেছে। তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা এবং নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ তৈরি করা।


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণতান্ত্রিক পথকে কণ্টকাকীর্ণ করার কোনও প্রচেষ্টাই সফল হতে দেয়া হবে না। বিএনপি কোনও ষড়যন্ত্রের অংশ হবে না এবং কাউকেও সে সুযোগ দেবে না।

১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন