Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

বিশ্ব

আমাদের হাত ট্রিগারেই রয়েছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
# ফাইল ফটো



যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় তেহরানের হাত ‘ট্রিগারেই আছে’ এবং প্রতিরক্ষা বাহিনীও ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন ইরান সরকারের একজন মুখপাত্র।


মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি বুধবার (২২ এপ্রিল) ভোরে এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট এবং সে দেশের

আগ্রাসী ও সন্ত্রাসী সেনাবাহিনীর কমান্ডারদের বারবার আমরা সতর্ক করছি: আমাদের হাত ট্রিগারেই রয়েছে।’


তিনি বলেন, ইরানের ওপর যেকোনো হামলার দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে এবং ইরানি বাহিনী ইতোমধ্যেই পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে।


তিনি সতর্ক করে আরও বলেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই আগের চেয়েও আরও কঠোর ও কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে।


এদিকে, ইরানের সাথে কোনো চুক্তি না হলে সেনাবাহিনী প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধবিরতির সময়টিকে তাদের সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ব্যবহার করেছে এবং নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত।

 

সিএনবিসিকে ট্রাম্প জানান, আমরা পুরোপুরি প্রস্তুত, আমাদের কাছে প্রচুর গোলাবারুদ, সবকিছুই প্রচুর পরিমাণে আছে। আমরা এটা (যুদ্ধবিরতির সময়) পুনরায় মজুত (অস্ত্র) করার জন্য ব্যবহার করেছি।

 

বুধবার ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগেই দেশ দু’টির প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বসতে চেয়েছিল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান, যাতে একটি চুক্তি করা যায়। ট্রাম্প চুক্তির বিষয়ে আশাবাদ জানালেও, ইরান দ্বিতীয় দফার আলোচনায় যোগ দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি। 

 

এছাড়া, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না বলেও এরইমধ্যে জানিয়েছেন ট্রাম্প। ফলে যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার আগে কোনো চুক্তি না হলে, ইরান-যুক্তরাষ্ট্রে নতুন করে সংঘাতে জড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন