Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

সড়কপথে পাঁচ বছর পর বরিশালের উদ্দেশে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে সড়ক পথে বরিশালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় গণভবন থেকে রওয়ানা দেন তিনি।


শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলার বঙ্গবন্ধু উদ্যানে দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ পাঁচ বছর পর বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা। এর আগে ২০১৮

সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল সফরকালে এ বঙ্গবন্ধু উদ্যানেই এক জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি।


জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় বিশাল জনসমাগমের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলের নেতারা।


শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।


অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।


জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।


এ ছাড়া ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহও বক্তব্য দেবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।


বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

২৬ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন