Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র যত দ্রুত সম্ভব উদ্ধার করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


তিনি জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম

সভা এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে অনুষ্ঠিত প্রথম সভায় প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। সভাটি প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।


প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ উপদেষ্টাসহ ছয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব ও সিনিয়র সচিব অংশ নেন।


সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর মধ্যে রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।


প্রেস সচিব জানান, সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।


এছাড়া ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে নতুনভাবে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।


সভায় পরিবেশগত গুরুত্ব, বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা এবং অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা করার সিদ্ধান্ত নেয়া হয়।


একই সঙ্গে গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় বিভাজনের মাধ্যমে একটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্তও গৃহীত হয়। এছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাব সভায় অনুমোদন করা হয়েছে।

১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন