Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরাতে কাজ করছে কমিশন: ইসি

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আগে ছিল না। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে সেই আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন কাজ করছে। তিনি আরও বলেন, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটাও নিশ্চিত করা হবে।


রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের

সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগে ভোটার তালিকার তথ্য নিয়ে সমালোচনা ছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুন্দর, স্বচ্ছ এবং বিতর্কমুক্ত ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কমিশন এবছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। তিনি ভোটার তালিকা হালনাগাদের সময় নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সঠিক তথ্য সংগ্রহের আহ্বান জানান।


আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক ঐক্যমত্য প্রক্রিয়ার বিষয়। এছাড়াও, এটি একটি বিচারিক বিষয় হতে পারে যদি আদালতে গড়ায়। এটি নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণার পর যেসব নিবন্ধিত রাজনৈতিক দল থাকবে, তখন সে সিদ্ধান্ত নেয়া হবে।


এ সময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ মমিন ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন