Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

বিমান বাংলাদেশের এমডি সাফিকুর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



শিশু গৃহকর্মীকে নির্যাতনের এক মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা–৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ‘শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’


জানা যায়, উত্তরায় প্রভাবশালী বিমানের এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রী-বিথির বিরুদ্ধে মোহনা নামের ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতনের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগী মোহনার বাবা মোস্তফা। এরপর পুলিশ রোববার রাতআনুমানিক ৩টার দিকে অভিযান চালিয়ে সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথিসহ তাদের আরও দুই জন কাজের মেয়েকে গ্রেপ্তার করে আদালত পাঠানো হয়।


ভুক্তভোগী শিশুর বাবা মোস্তফা গণমাধ্যমকে জানান, গুরুতর আহত অবস্থায় মোহনা বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।


তিনি জানান, প্রায় সাত-আট মাস আগে উত্তরা ৯ নম্বর সেক্টরের এক বাসার সিকিউরিটি গার্ডের মাধ্যমে গৃহকর্ত্রী বিথির কাছে বাচ্চা দেখার জন্য গৃহকর্মী হিসেবে কাজে দিয়েছেন। প্রথম কয়েক মাস মেয়েকে সুস্থ্ ও স্বাভাবিক দেখেছেন তিনি। গত শনিবার (৩১ জানুয়ারি) গৃহকর্ত্রী বিথী তাকে ফোন দিয়ে মেয়েকে নিয়ে যেতে বলে। ফোন পেয়ে মেয়েকে আনতে তিনি উত্তরা ৯ নং সেক্টরে যান।


শিশু মোহনার বাবা আরও জানান, মেয়েকে নিতে গেলে গৃহকর্মী বিথি তার সঙ্গে কোনো কথা না বলে, একটি সাদা কাগজে সই করান। রাতের বেলায় মেয়েকে তার হাতে তুলে দেন, তখন তিনি মেয়ের শরীরের অবস্থা দেখে কাঁদতে শুরু করেন। শিশুটির হাতে কাটা ও সেলাইয়ের দাগ, পুরো শরীরজুড়ে পোড়া চিহ্ন এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। বর্তমানে শিশুটি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছে না। 

১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন