Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, জুলাই ১৮, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

শিক্ষা

কুবি সংলগ্ন মামা হোটেলে খাবারে ‘ইঁদুরের বাচ্চা’ পাওয়ার অভিযোগ

কুবি প্রতিনিধি:
৩ দিন আগে শনিবার, জুলাই ১৮, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন খাবারের দোকান ‘মামা হোটেল’ এর পরিবেশিত মাছের ভর্তায় ইঁদুরের বাচ্চা পাওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।


অভিযোগকারী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার  (১৪ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক দেড়টায় তাঁরা দুজন ক্যাম্পাসসংলগ্ন মামা হোটেলে দুপুরের খাবার খেতে যান। মাছের ভর্তা ও সবজি দিয়ে খাবার খাওয়ার একপর্যায়ে মাছের ভর্তার মধ্যে অস্বাভাবিক একটি বস্তু দেখতে পান। পরে সেটি ভালোভাবে পর্যবেক্ষণ করে তাঁদের কাছে সেটি ছোট একটি ইঁদুরের বাচ্চা বলে মনে হয়।


এ বিষয়ে আইসিটি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ মিয়া বলেন, “আমি ভর্তা খাওয়ার সময় হাতে অস্বাভাবিক কিছু অনুভব করি। পরে ভালো করে দেখে বুঝতে পারি এটি ইঁদুরের বাচ্চা। সঙ্গে সঙ্গে দোকানের স্টাফ সোহাগ ভাইকে দেখাই। তিনি রান্নাঘরে গিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলেন। আমার দুপুর ২টায় ক্লাস থাকায় চলে আসতে হয়। যাওয়ার আগে দেখি, যে ভর্তা অবশিষ্ট ছিল, সেটি আবারও বিক্রির জন্য পরিবেশন করা হচ্ছিল।”


একই বিভাগের শিক্ষার্থী নিলয় দাশ বলেন, “ক্লাসে যাওয়ার আগে আমি ও আমার বন্ধু সোহাগ মামা হোটেলে খেতে যাই। আমরা সবজি ও মাছের ভর্তা অর্ডার করি। খাওয়ার একপর্যায়ে সোহাগ ভর্তার মধ্যে একটি ইঁদুরের বাচ্চা দেখতে পায়। পরে দোকানের স্টাফ সোহাগ ভাই সেটি হাতে নিয়ে ভালোভাবে পরীক্ষা করেন।”


অভিযোগের বিষয়ে জানতে চাইলে ‘মামা হোটেল’ মালিক মোহাম্মদ সোহাগ বলেন, “দুপুরে হোটেলে অনেক ভিড় ছিল। এমন সময় সোহাগ (শিক্ষার্থী) বিষয়টি নিয়ে আমার কাছে আসে। আমি দেখে হতভম্ব হয়ে যাই। ইঁদুরের বাচ্চা পাওয়া গেছে এটা সত্য। তবে এটি কীভাবে মাছের ভর্তার মধ্যে এসেছে, তা বুঝতে পারছি না।”


এদিকে ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়ে হোটেলটি পরিদর্শন করেন। তারা হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং খাবারের মূল্য যৌক্তিক রাখার নির্দেশনা দেন।


এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, "মামা হোটেল কর্তৃপক্ষকে ঘটনা স্বীকার করে এবং আমরা দেখলাম রান্না ঘরের উপরে সামিয়ানায় হয়তো ইদুরের বাসা থাকতে পারে, ওখান থেকে এসে পড়তে পারে। আমরা তাদের বলে দিয়েছি হোটেলে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, খবারের দাম কমানো, ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছি।"

৩ দিন আগে শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন