Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

শিক্ষা

এতিম শিক্ষার্থীদের সঙ্গে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন কুবি ছাত্রদলের

কুবি প্রতিনিধি:
১ দিন আগে রবিবার, আগস্ট ১৬, ২০২৬
# ফাইল ফটো


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সঙ্গে দিনটি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন পাকিস্তান মসজিদে এ আয়োজন করা হয়।


এতে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব মো. আবুল বাশারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


দোয়া মাহফিলে ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আজকে আমরা এই দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেও করতে পারতাম। কিন্তু সেখানে না করে এই মসজিদে করার একটি কারণ এখানে নিষ্পাপ এতিম শিক্ষার্থীরা রয়েছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া অন্যদের চেয়ে দ্রুত কবুল হবে।”


তিনি বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন। যুগ যুগ ধরে তাঁর যে ভালো কাজগুলো রয়েছে, সেগুলো আমরা সবাই অন্তরে লালন করে আগামী দিনে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি।”


পরে এতিম শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


উল্লেখ্য, খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সাল থেকে তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। গত বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১ দিন আগে রবিবার, আগস্ট ১৬, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন