Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, জুলাই ২৭, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬
# ফাইল ফটো


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে আগ্রহী—এমন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ঐক্য গড়ে তোলার বিশেষ সক্ষমতা রয়েছে বলেই ইনফান্তিনোকে এই পদে উপযুক্ত মনে করছেন ট্রাম্প।


গত মঙ্গলবার নিউইয়র্ক পোস্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডে জন্ম নেয়া ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ওই সময় তিনি ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কারও প্রদান করেন।


বর্তমান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর, আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন।


জাতিসংঘ সনদের ৯৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। এ পদে নির্বাচিত হতে হলে প্রথমে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হয়। তবে স্থায়ী পাঁচ সদস্যের যেকোনো একটি দেশ ভেটো দিলে প্রার্থিতা বাতিল হয়ে যায়। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমেই নিয়োগ চূড়ান্ত হয়।


প্রথাগতভাবে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের কোনো প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার আলোচনা রয়েছে। এ পদের সম্ভাব্য অন্য আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তবে ট্রাম্পের ইনফান্তিনোকে সমর্থনের ঘোষণা সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।


সংবাদমাধ্যমটি আরও জানায়, আন্তর্জাতিক বড় বড় সংঘাত মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর। দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জাতিসংঘ-সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন।


ফিফা সভাপতির মতো একটি বৈশ্বিক ক্রীড়া সংস্থার প্রধান থেকে সরাসরি জাতিসংঘের সর্বোচ্চ পদে ইনফান্তিনোর যাওয়ার এই গুঞ্জন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে বেশ বড় আলোচনার জন্ম দিয়েছে।

৫ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন