বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে থাকবে এটাই বিএনপির নীতি। এ জন্য আমরা বলছি সবার আগে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর সরকার হবে বিএনপি সরকার।
তিনি বলেন, আগামীর সরকার দেশে বৈষম্যহীন সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
যে স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং এটাই ছিল আমাদের
গণ-অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ারও আহবান জানাই।শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এর আগে চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা জাতভেদে কোনো বিভাজন হবে না। সবার পরিচয় হবে বাংলাদেশি। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করি না এবং করব না। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে নাগরিকের যে পরিচয়, সেটি পাসপোর্টেও লেখা আছে।
মালুমঘাট এলাকার পথসভায় চা-বাগান ব্যাপ্টিস্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন— যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোসাইন, অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন এবং এম আর মাহবুব প্রমুখ।
১১ ঘন্টা আগে শুক্রবার, ফেব্রুয়ারী ৬, ২০২৬
