Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, জুলাই ১৮, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

শিক্ষা

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা স্থগিত, চলবে অন্যান্য বোর্ডে

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, জুলাই ১৮, ২০২৬
# ফাইল ফটো


চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


আজ মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


এছাড়া বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে।


এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন সভায় জানানো হয়েছে, সারা দেশে পরীক্ষা গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে। সোমবার (১৩ জুলাই) একটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ওই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সভায় আরো জানানো হয়, কোনো পরীক্ষা কেন্দ্রে সমস্যা দেখা দিলে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে।


এরই মধ্যে পরিস্থিতির কারণে কুমিল্লার একটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


কর্মকর্তারা জানায়, একটি কেন্দ্রের ভিডিও বা পুরনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

৪ দিন আগে শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন