কক্সবাজার শহরে চাঁদা না দেওয়ার ঘটনায় গণেশ পাল (৪০) নামে এক ব্যবসায়ীকে তার পরিবারের সদস্যদের সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে বিজিবি ক্যাম্পের পল্লান কাটা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গণেশ পালের স্ত্রী নেপালী পাল জানিয়েছেন, তাঁদের বাসায় একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। শুক্রবার রাতে জিদান নামে এক ব্যক্তি গণেশের
দোকানে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় শনিবার বিকেলে জিদান ও তার সহযোগীরা গণেশের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। নেপালী জানান, তার চোখের সামনে গণেশের বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জিদানের বাড়িও একই এলাকার এবং তিনি স্থানীয় রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে।
নিহতের কাকাতো ভাই আশীষ পাল বলেছেন, “হঠাৎ খবর পাই গণেশকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, তাকে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক।”
কক্সবাজার জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া মিন্টু বলেন, “সেপটিক ট্যাংক নির্মাণের কাজের জন্য চাঁদা না দেওয়ার কারণে হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। অপরাধীদের দমন না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন জানিয়েছেন, “টাকা দাবি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
১ দিন আগে সোমবার, মার্চ ৯, ২০২৬
