Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

খেলাধুলা

বিশ্বকাপের ৬ মাস আগে অস্ত্রোপচার করালেন নেইমার

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



ব্রাজিল ও সান্তোসের ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাসের চোট সারাতে আর্থ্রোস্কোপিক এই অস্ত্রোপচার করা হয়।


নেইমারের বর্তমান ক্লাব সান্তোস জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকই অস্ত্রোপচারটি করেছেন। এর আগেও একই চিকিৎসক নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালে হওয়া ভয়াবহ অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে

যাওয়ার অস্ত্রোপচার করেছিলেন।


৩৩ বছর বয়সী নেইমার পুরো মৌসুম জুড়েই হাঁটুর ব্যথা নিয়ে খেলেছেন। কঠিন সময়ে তার অবদানেই ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন এড়াতে পেরেছে সান্তোস। তীব্র যন্ত্রণা নিয়ে মৌসুমের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে বাঁচানোর লড়াইয়ে বড় ভূমিকা রাখেন তিনি। 


এই অস্ত্রোপচারের ফলে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ফেরার আশা জেগেছে নেইমারের।


ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা তিনি। তবে চোটের কারণে দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে আর নামা হয়নি তার।


গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। এর আগে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে দেড় বছরের বেশি সময়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি।


চোট আর পুনর্বাসনের মধ্যেই কেটেছে সেই সময়।


নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বছরের শেষে। নতুন চুক্তি নিয়ে তারকার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে সান্তোস।

১২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন