Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আইন ও আদালত

ভাইসহ সাবেক ডিবিপ্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার ভাই এবিএম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।


বুধবার (৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।


দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন নথি জব্দের জন্য পৃথক দুটি আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর

রুহুল ইসলাম খান।


হারুনের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, আসামি মোহাম্মদ হারুন অর রশীদ সরকার ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক তা ভোগদখল করছেন, যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ।


মামলার সুষ্ঠু তদন্তের জন্য কর সার্কেল-১২৯, কর অঞ্চল-০৬, ঢাকার টিআইএন ৫১২১৪৭১১৩২৭০ এর সব আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।


শাহারিয়ারের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, আসামি এবিএম শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক তা ভোগদখল করছেন, যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ।


এছাড়া, আসামি মোহাম্মদ হারুন অর রশীদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার ভাইকে অপরাধে সহায়তা করেছেন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।


মামলার সুষ্ঠু তদন্তের জন্য কর সার্কেল-২০৩, কর অঞ্চল-১০, ঢাকার টিআইএন ৫৬৬৬২২৪৫৭২০৫ এর সব আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন