এবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানে নথিপত্র তলব করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহিদ কালাম এ চিঠি পাঠান।
সেখানে ব্যাংকিং-নন-ব্যাংকিং, লকার সুবিধা, এফডিআর, বিদেশে শেল কোম্পানি গঠনসহ দেশে-বিদেশে লেনদেন ও বিনিয়োগ-সংক্রান্ত সব নথিপত্র চাওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য চাওয়া হয়েছে আসিফের স্ত্রী পান্নারও।
বিএফআইইউতে দেয়া চিঠিতে বলা হয়, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশীয় কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তার নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসিফ মাহমুদ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির বিভিন্ন আর্থিক ও সম্পদসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারসহ পদায়ন-বদলিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-সংক্রান্ত আরও একটি অভিযোগের অনুসন্ধানেও করছে দুদক।
১৮ মিনিট আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬