হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে নিজ তহবিল থেকে ৫ লাখ টাকা দিয়েছেন সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সরোয়ার আলম।
সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা দেন তিনি।
সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মো. রাকিবুল আলম বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, ‘হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের টাকার জন্য সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানে সাবেক ডিসি আরো ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এতে দানের ১৭ লাখের সঙ্গে আরো ৫ লাখ টাকা যোগ হয়েছে। ফলে বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।’
এর আগে গত ২২ জুন দুপুরে হজরত শাহজালাল (রহ.) দরগাহে সর্বসাধারণের সামনে সিলগালা করা তিনটি পিতলের ডেগ, প্রশাসনের উদ্যোগে স্থাপন করা ৪টি দানবাক্স ও দরগাহের মহিলা ইবাদতখানায় থাকা ছোট আরেকটি দানবাক্স খোলা হয়।
সব টাকা একত্রিত করে সেগুলো গোনা শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা গণনা করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাজারের দানবাক্সগুলোতে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা সোনা ও ১০ সৌদি রিয়াল পাওয়া গেছে।
এর আগে গত ১৮ জুন বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে দানের তিনটি ঐতিহাসিক ডেগ ও নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সময় মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।
এরপর ২১ জুন সারোয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
৭ ঘন্টা আগে মঙ্গলবার, জুন ২৩, ২০২৬