Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

খেলা

অবসর ঘোষণার পর মেসিকে যে বার্তা দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

ডেস্ক রিপোর্ট:
১৯ ঘন্টা আগে বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
# ফাইল ফটো


আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। এরপর তাকে নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেসির ক্যারিয়ারকে তিনি বলেছেন ‘অসাধারণ’। এছাড়া ফুটবলে মেসির যে স্থায়ী প্রভাব, সেটারও প্রশংসা করেছেন তিনি।


সোমবার আর্জেন্টিনার হয়ে নিজের ঐতিহাসিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন রেকর্ড ২০৭ ম্যাচ। গোল করেছেন ১২৫টি। তার আন্তর্জাতিক অর্জনের মধ্যে আছে ২০২২ ফিফা বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা।


মেসির অবসরের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে হৃদয়স্পর্শী একটা বার্তা দেন ইনফান্তিনো। সেখানে তিনি তুলে ধরেন মেসির অসাধারণ সব অর্জন এবং বিশ্বজুড়ে ফুটবলে তার প্রভাবের কথা।


ইনফান্তিনো লেখেন, ‘অভিনন্দন লিও মেসি, তোমার অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য। এই ক্যারিয়ার লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর এই খেলাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।’


ফিফা সভাপতি তার বার্তায় মেসির বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোল করার রেকর্ড এবং সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডের কথাও উল্লেখ করেন।


ইনফান্তিনো আরও লেখেন, ‘তোমার জাদুকরী প্রতিভা আর নম্রতা মনে থাকবে চিরকাল। আর্জেন্টিনার জার্সি গায়ে তোমার দেওয়া প্রতিটা অবিস্মরণীয় স্মৃতির জন্য ধন্যবাদ। পৃথিবীর প্রতিটা প্রান্তের সমর্থকদের এক করার জন্যও ধন্যবাদ। তোমার পরবর্তী অধ্যায়ের জন্য রইল আমার শুভকামনা।’


২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে অভিষেক হয় মেসির। এরপর দুই দশকের বেশি সময় ধরে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে বারবার ব্যর্থ হওয়ার পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে নেন তিনি। এর মাধ্যমে পূর্ণতা পায় তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায়।


আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ ছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা।


ফুটবল ইতিহাসের অন্যতম সফল আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল মেসির অবসরের মধ্য দিয়ে। আর্জেন্টিনা অধ্যায় শেষ হলেও, ৩৯ বছর বয়সী এই তারকা ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন।

১৯ ঘন্টা আগে বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন