নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আলোচ্যসূচিতে থাকা ১৯টি প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনা শেষে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৬ মার্চ) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে তারেক রহমান-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি একনেকের সভাপতি হিসেবে সভা পরিচালনা করেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ
কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নির্ধারিত ১৯টি প্রকল্পের সবগুলো উপস্থাপন করা সম্ভব হয়নি। সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা শেষে সভা স্থগিত করা হয়। এর মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং বাকি ২টি প্রকল্প আরও পর্যালোচনার জন্য রাখা হয়েছে। অবশিষ্ট প্রকল্পগুলো আগামী সপ্তাহের বৈঠকে আলোচনা করা হবে।দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা আয়োজনের প্রচলন থাকলেও এবার তা পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ভেন্যু পরিবর্তনের নির্দিষ্ট কারণ জানানো না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রধানমন্ত্রীর ব্যস্ততা এবং সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, একনেক বৈঠককে ঘিরে পরিকল্পনা কমিশন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাস্তা সংস্কার এবং নতুন গাছ লাগানোর মাধ্যমে পুরো এলাকা সাজানো হলেও শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করা হয়।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি তারেক রহমান-কে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন সরকার গঠনের পর উন্নয়ন প্রকল্প নির্ধারণ ও ব্যয় পর্যালোচনার লক্ষ্যে এটিই ছিল এই কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা।
৭ ঘন্টা আগে সোমবার, এপ্রিল ৬, ২০২৬
