Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

নতুন মামলায় আমু আনিসুল শাজাহানসহ গ্রেফতার ৭

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ সাত নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।


সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন অনুমোদন করা হয়।


অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।


শাহবাগ থানার একটি মামলায় ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের ঘটনায় আমির হোসেন আমু ও শাজাহান খানকে গ্রেফতার দেখানো হয়েছে। একই থানার আরেকটি মামলায় পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়।


এছাড়া মিরপুর থানার একটি মামলায় কামাল আহমেদ মজুমদার এবং শেরেবাংলা নগর থানার একটি মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে।


এর আগে তদন্ত কর্মকর্তারা আদালতে আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য ২১ এপ্রিল তারিখ নির্ধারণ করে। শুনানির দিন সংশ্লিষ্ট আসামিদের আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।


মো. মনির হত্যা মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট শাহবাগের চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মনির। ওই দিন দুপুরে আসামিদের গুলিবর্ষণের ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় মামলা দায়ের করেন।


অন্যদিকে, আনোয়ার হোসেন হত্যা মামলার অভিযোগে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন