Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

বিনোদন

মৃত্যুর ১৭ বছর পর নতুন ইতিহাস গড়েছে মাইকেল জ্যাকসন

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
# ফাইল ফটো


বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। মুক্তির কয়েক মাসের মধ্যেই এটি বিশ্বজুড়ে আয় করেছে ৯৭ কোটি ৭০ লাখ (৯৭৭ মিলিয়ন) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে দিয়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিকের রেকর্ড গড়েছে সিনেমাটি।


বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে এই রেকর্ড ছিল নির্মাতা ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহেইমার’-এর দখলে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহেইমার-এর জীবনভিত্তিক চলচ্চিত্রটি বিশ্বজুড়ে আয় করেছিল ৯৭ কোটি ৫০ লাখ (৯৭৫ মিলিয়ন) মার্কিন ডলার। সেই রেকর্ড এখন ভেঙে দিয়েছে ‘মাইকেল’।


পরিচালক অঁতোয়ান ফুকোয়া নির্মিত এই সিনেমায় দেখানো হয়েছে মাইকেল জ্যাকসনের শৈশব, পারিবারিক ব্যান্ড ‘দ্য জ্যাকসন ফাইভ’-এ তার যাত্রা এবং সেখান থেকে একক শিল্পী হিসেবে ‘কিং অব পপ’ হয়ে ওঠার গল্প। সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফার জ্যাকসন। আর তার বাবা-মায়ের চরিত্রে দেখা গেছে কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লংকে।


এ বছরের এপ্রিল মাসে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ২১ কোটি ৭০ লাখ (২১৭ মিলিয়ন) মার্কিন ডলার আয় করে সিনেমাটি। তখনই এটি ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’, ‘স্ট্রেইট আউটা কম্পটন’-সহ একাধিক জনপ্রিয় সংগীতভিত্তিক বায়োপিককে পেছনে ফেলে দেয়। পাশাপাশি এটি লায়ন্সগেট স্টুডিওস-এর ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রেও পরিণত হয়েছে।


তবে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচনাও কম হয়নি। অনেক সমালোচকের অভিযোগ, চলচ্চিত্রটি মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত দিকগুলো, বিশেষ করে তাঁর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ, এড়িয়ে গেছে। ফলে অনেকে সিনেমাটিকে বাস্তবতার তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন ও একপেশে হিসেবে বর্ণনা করেছেন।


সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। বরং সিনেমাটি মুক্তির পর আবারও জনপ্রিয় হয়ে উঠেছে মাইকেল জ্যাকসনের গান। তার ‘বিলি জিন’ বর্তমানে বিশ্বের অন্যতম বেশি স্ট্রিম হওয়া গানের তালিকায় রয়েছে। এছাড়া যুক্তরাজ্যে গত মাসে ইউটিউব ও স্পটিফাই দুই প্ল্যাটফর্মেই সবচেয়ে বেশি শোনা শিল্পীদের একজন ছিলেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, লায়ন্সগেট স্টুডিওস মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছে।

২৮ দিন আগে শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন