দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
তিনি বলেন, এসব শূন্য পদের মধ্যে ২ হাজার ২০৪টিতে নিয়োগের সুপারিশ চেয়ে ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে।
আজ রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বৈঠকে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সংসদ সদস্যের পৃথক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানায় শিক্ষামন্ত্রী।
স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে সদস্যদের লিখিত প্রশ্নের জবাব টেবিলে উত্থাপন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল হাসনাতের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ৭ হাজার ৭৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ফলে অনুমোদিত পদের তুলনায় ৮ হাজার ৪৮৬টি পদ শূন্য রয়েছে।
তিনি আরও জানায়, ইনস্ট্রাক্টর (৯ম গ্রেড) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড) পদে বিসিএস (ক্যাডার ও নন-ক্যাডার) পরীক্ষার মাধ্যমে পিএসসি নিয়োগ দিয়ে থাকে। ইতোমধ্যে ২ হাজার ২০৪টি শূন্য পদে নিয়োগের জন্য পিএসসিতে রিকুইজিশন পাঠানো হয়েছে। এছাড়া ৪৫তম বিসিএসের মাধ্যমে ৯৭ জন ক্যাডার এবং ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নিয়োগ দেওয়া হবে।
পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণের উদ্যোগের কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি শিক্ষক ও কর্মচারীর পদে প্রয়োজনীয় জনবল না থাকায় সেসব পদে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ বিষয়ে নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার বিভিন্ন ক্ষেত্র, প্রয়োজনীয় দক্ষতা, কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা পাবে।
যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তিনি জানান, একই শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি পাঠ্যপুস্তকও চালু করা হবে। বইটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক হবে। পাশাপাশি শিখনপ্রক্রিয়াকে আরও আনন্দময় ও অংশগ্রহণমূলক করে তুলবে।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের হওয়া ফৌজদারি মামলার কারণে যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বকেয়া সৃষ্টি হয়েছে, তাদের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিধি অনুযায়ী বকেয়া এমপিও পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭৪টি। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি, বেসরকারি ১১৬টি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে ২টি। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০টি সাধারণ, ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং ৮টি প্রকৌশল, কৃষি, মেডিক্যাল ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।
১১ ঘন্টা আগে রবিবার, জুন ২৮, ২০২৬