ফ্রান্সের আসন্ন মিউনিসিপ্যাল নির্বাচনে ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ মার্চ। কোনো প্যানেল প্রথম দফায় নিরঙ্কুশ সমর্থন না পেলে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২২ মার্চ। প্রবাসী বাংলাদেশিদের এই অংশগ্রহণ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং স্থানীয় রাজনীতিতে তাদের
ক্রমবর্ধমান উপস্থিতির বার্তাও দিচ্ছে।বিশেষজ্ঞদের মতে, স্থানীয় কাউন্সিলে বাংলাদেশি প্রতিনিধিত্ব বাড়লে শিক্ষা, আবাসন, কর্মসংস্থান এবং সাংস্কৃতিক কার্যক্রমসহ কমিউনিটির বিভিন্ন বাস্তব সমস্যা সরাসরি তুলে ধরা সহজ হবে।
কোথায় লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা
রাব্বানী খান
প্যারিসের শহরতলি এস্তা পৌরসভা থেকে পুনরায় কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন রাব্বানী খান। ২০২০ সালের নির্বাচনে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি হিসেবে জয়ী হন। দীর্ঘদিন ধরে ফরাসি ভাষা শিক্ষা ও প্রশাসনিক সহায়তার মাধ্যমে কমিউনিটিতে পরিচিত তিনি। এবারের নির্বাচনে তিনি বর্তমান মেয়র আজেদিন তাইবির প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনকে নয়ন
ইল-দু-ফ্রঁস অঞ্চলের ভিলনভ-সুর-সেন এলাকা থেকে ‘ভিন্যু সলিদেয়ার এ পপুলেয়ার’ প্যানেলের প্রার্থী এনকে নয়ন। নিজের প্রতিষ্ঠিত ‘সাফ’ সংস্থার মাধ্যমে বিনা মূল্যে কমিউনিটি সেবা দিয়ে তিনি পরিচিতি পেয়েছেন। তিনি ডেপুটি মেয়র পদেও প্রার্থী। নয়নের ভাষ্য, বাংলাদেশিরা এখন শুধু প্রবাসী নয়; বরং ফ্রান্সের সক্রিয় নাগরিক হিসেবে সমাজ গঠনে অংশ নিতে প্রস্তুত।
আকাশ বড়ুয়া
উদ্যোক্তা আকাশ বড়ুয়া লা কুরনভ শহরে স্থানীয় কমিউনিস্ট পার্টি সমর্থিত নাদিয়া ছাবুনের প্যানেল থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। তার মতে, মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করা সম্ভব।
আব্দুস সামাদ
ভিলনভ-সুর-সেন এলাকা থেকে ‘ভিন্যু সলিদেয়ার এ পপুলেয়ার’ প্যানেলের প্রার্থী আব্দুস সামাদ। নির্বাচিত হলে তিনি কমিউনিটির কল্যাণ, ন্যায়বিচার এবং সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।
নাসির উদ্দীন ভুঁইয়া
লা কুরনভ এলাকায় মেয়র পদপ্রার্থী ওমারো দোকুরুর প্যানেল থেকে কাউন্সিলর পদে লড়ছেন নাসির উদ্দীন ভুঁইয়া। অভিবাসী অধ্যুষিত এই অঞ্চলের মানুষের প্রতিনিধি হওয়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
জুবাইদ আহমেদ
ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় জুবাইদ আহমেদ এভ্রি-সুর-সেন এলাকা থেকে ফ্রন্ট পপুলেয়ার দলের প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছেন। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে তার অংশগ্রহণ ইতোমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে।
সরুফ সোদিওল
২০২০ সালের নির্বাচনে সাঁ-দেনি এলাকা থেকে আলোচনায় আসা সরুফ সোদিওল এবার বর্তমান মেয়র ম্যাথিউ হানোতিনের প্যানেলভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচনের পদ্ধতি
ফ্রান্সে কাউন্সিলরদের জন্য সরাসরি কোনো ব্যক্তিগত ভোট দেওয়া হয় না। ভোটাররা সাধারণত একটি পূর্ণাঙ্গ তালিকা বা ‘লিস্ট’-এর পক্ষে ভোট দেন, যা একজন মেয়র প্রার্থীর নেতৃত্বে গঠিত হয় এবং এতে একাধিক কাউন্সিলর প্রার্থী থাকেন।
প্রথম দফায় কোনো লিস্ট ৫০ শতাংশ ভোট পেলে সেই লিস্টকে অর্ধেক আসন ‘মেজরিটি বোনাস’ হিসেবে দেওয়া হয়। বাকি আসনগুলো প্রপোরশনাল পদ্ধতিতে বণ্টন করা হয়। যদি কোনো লিস্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনের পর লিস্টে প্রার্থীদের অবস্থান ও প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী কাউন্সিলররা নির্বাচিত হন। পরে নির্বাচিত পৌর পরিষদের সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে মেয়র হিসেবে নির্বাচন করেন। অর্থাৎ ফ্রান্সে মেয়র সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না।
৪ দিন আগে সোমবার, মার্চ ৯, ২০২৬
