Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক

এবার ইউরোপীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
# ফাইল ফটো


কোনো ইউরোপীয় দেশ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) আরোপ করলে সংশ্লিষ্ট দেশের সব পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল কর আরোপের পরিকল্পনা করছে এবং কিছু দেশ তা বাস্তবায়নের খুব কাছাকাছি রয়েছে। এমন পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কঠোর বাণিজ্যিক জবাব দেবে বলে তিনি জানান।


ট্রাম্প বলেন, কোনো দেশ যদি এ ধরনের কর চালু করে, তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে বিদ্যমান যেকোনো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণভাবে ‘অকার্যকর করে দেবে’ বলেও সতর্ক করেন তিনি।


যদিও ট্রাম্প নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্যকে মূলত যেসব ইউরোপীয় দেশ নতুন করে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স চালুর প্রস্তুতি নিচ্ছে, তাদের উদ্দেশেই দেওয়া বলে মনে করা হচ্ছে। তবে ২০২০ সাল থেকেই যুক্তরাজ্যে এ ধরনের কর কার্যকর থাকায় দেশটির ক্ষেত্রে এই ঘোষণার বাস্তব প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়।


ট্রাম্প লিখেছেন, এই ঘোষণাটিকেই আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করুন—যেকোনো দেশ এ ধরনের কর আরোপ করলে, যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্কারোপ করা হবে।


বর্তমানে যুক্তরাজ্যে কার্যকর ২ শতাংশ ডিজিটাল সার্ভিসেস ট্যাক্সের আওতায় রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট—অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজন। যুক্তরাজ্যের ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে এই কর থেকে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

১ দিন আগে শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন