Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, জুলাই ১৮, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

খেলা

বিশ্বকাপের টানা দুটি ফাইনাল খুব কম দলই খেলতে পারে : মেসি

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শনিবার, জুলাই ১৮, ২০২৬
# ফাইল ফটো


ফুটবল বিশ্বে আরো একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখল আর্জেন্টিনা। শুধু ম্যাচ জয়ই নয়, ইংলিশদের সোনালী প্রজন্মের সোনালী স্বপ্ন চূরমার করে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখল লিওনেল মেসির দল।


আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোমাঞ্চকর দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এমন মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠের ভেতরে যেমন উল্লাস চলেছে, মাঠের বাইরে তেমনই নিন্দুকদের এক হাত নিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক।


ম্যাচ শেষে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার মহাতারকা সাফ জানিয়ে দিয়েছেন, কেউ পছন্দ করুক বা না করুক—যোগ্য দল হিসেবেই আবারও ফাইনালে উঠেছে তারা।


নিন্দুকদের কড়া জবাব দিয়ে মেসি বলেন, ‘একটি বিশ্বকাপ জয়ের পর আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।


মানুষ যা-ই বলুক না কেন, তা পছন্দ করুক বা না করুক, গত চার বছর ধরে আমরাই সেরা ছিলাম। আজও আমরা বিশ্বের সেরা দুই দলের একটি।’


সমালোচকদের উদ্দেশে নিজের ঝাঁঝালো বক্তব্য থামাননি এলএমটেন। তিনি আরও যোগ করেন, ‘এটি প্রমাণ করে যে আমরা যা কিছু অর্জন করেছি তা কোনো কাকতালীয় ব্যাপার নয় এবং কেউ আমাদের এমনিতেই কিছু উপহার দেয়নি।


টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা এমন একটি কীর্তি যা খুব কম দলই করে দেখাতে পারে, আর এই দলটাই তা করে দেখিয়েছে।’

অথচ ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে যখন ইংল্যান্ড এগিয়ে যায়, তখন থ্রি-লায়ন্স শিবিরের চোখেমুখে ছিল ফাইনালের স্বপ্ন। প্রায় ৩০ মিনিট সেই লিড ধরেও রেখেছিল তারা। কিন্তু নাটকীয়তার তখনো অনেক বাকি ছিল। ৮৫ মিনিটে মেসির জাদুকরি অ্যাসিস্ট থেকে দূরপাল্লার বুলেট গতির শটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ।


এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মেসির নিখুঁত মাপা ক্রস থেকে মরণকামড় বসান লাউতারো মার্তিনেজ। তার দুর্দান্ত হেডে বল জালে জড়াতেই আর্জেন্টিনার প্রত্যাবর্তনের গল্প পূর্ণতা পায়। আর এই গোলের ওপর ভর করেই চলতি বিশ্বকাপের নকআউটের টানা চতুর্থ ম্যাচে রূপকথার মতো ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন মেসি-মার্তিনেজরা।


দলের এমন অবিশ্বাস্য কামব্যাকের পর সতীর্থদের প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি অধিনায়ক। মেসি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। এই দলটি অসাধারণ। আজও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়িনি। পিছিয়ে পড়ার পরও নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেছি, বিশ্বাস হারাইনি। প্রতিপক্ষকে তাদের অর্ধে চেপে ধরেছিলাম। এই জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।’


মেগা ফাইনালের আগে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন বার্তাও দিয়েছেন মেসি। ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি সবাইকে এই পরম মুহূর্তটি উপভোগ করার আহ্বান জানান।


সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ‘আমাদের মতো আপনারাও এই মুহূর্তটা মনভরে উপভোগ করুন। আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে, আবার বিশ্বের সেরা দুই দলের একটি। চার বছর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে কাটিয়েছি, এখন আবারও শিরোপার লড়াইয়ে। শেষ ধাপে পৌঁছাতে পেরেছি, এটাই আমরা সবাই চেয়েছিলাম। বাকিটা ঈশ্বরের ইচ্ছা।’

২ দিন আগে শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন