বলিউড ও হলিউড—দুই অঙ্গনেই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তবে গত কয়েক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, এই তারকা দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে, এমনকি বিচ্ছেদের ইঙ্গিতও মিলছে। অবশেষে এসব জল্পনা-কল্পনার জবাব দিলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা নিজেই।
সম্প্রতি অস্কারের মঞ্চেও একসঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কা
ও নিককে। তবু সেই সময়ও তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন থামেনি। তবে সব জল্পনায় পানি ঢেলে দিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাদের সম্পর্কে কোনো সমস্যা নেই; বরং আগের মতোই ভালো আছেন তারা।বর্তমানে এস এস রাজামৌলী পরিচালিত ‘বারাণসী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। দক্ষিণ ভারতে শুটিংয়ের ফাঁকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিক ও আমি দুজনেই খুব ভালো আছি। আমরা সুন্দরভাবে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের গুঞ্জনে আমরা কান দিই না। কিন্তু হঠাৎ শুনছি, আমাদের নাকি বিচ্ছেদ হচ্ছে!”
এ প্রসঙ্গে কিছুটা বিস্ময়ও প্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেন, “মানুষ কি সত্যিই চায় আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন এমন ভুয়া গুঞ্জন বারবার ছড়ানো হয়?”
প্রিয়াঙ্কা আরও জানান, তাদের সম্পর্ক নিয়ে অনেকেই সাংস্কৃতিক পার্থক্য বা বয়সের ব্যবধান নিয়ে মন্তব্য করেন। “আমরা দুই ভিন্ন দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা, বয়সেও পার্থক্য আছে। হয়তো সে কারণেই অনেকে নানা কথা বলে। কিন্তু গত আট বছর ধরে আমরা খুব ভালো আছি,” বলেন তিনি।
সম্পর্কের শুরুর সময়ের কথাও স্মরণ করেন এই অভিনেত্রী। জানান, মাত্র ছয় মাস একে অপরকে জানার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। “তার সঙ্গে দেখা হওয়ার পরই বুঝেছিলাম, ও-ই আমার জন্য সঠিক মানুষ,” বলেন প্রিয়াঙ্কা।
সব মিলিয়ে ভুয়া গুঞ্জনকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ এই তারকা দম্পতি। ব্যক্তিগত জীবন নিয়ে সুখেই সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
৭ ঘন্টা আগে শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
