আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে বিশ্ব যুব দিবস উপলক্ষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। তবে এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। তাই যে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই, সেটিকে আপাতত গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে না সরকার।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ইতোমধ্যে গণমাধ্যমে জানানো হয়েছে, আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এবং ২০ তারিখে ভোট অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ একজন প্রত্যাশিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবেন।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। এ বিষয়ে ইতিবাচক ফলাফলের প্রত্যাশায় বাংলাদেশ অপেক্ষা করছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় তথ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনা, এর ব্যবহার এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও বক্তব্য দেন।
৪ দিন আগে রবিবার, আগস্ট ১৬, ২০২৬