Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

শিক্ষা

কুবিতে হল দখল করতে গিয়ে ছাত্রদল কর্মীর নাক ফাটালেন ছাত্রদল নেতা

আব্দুল্লাহ আল মামুন, কুবি:
১৯ ঘন্টা আগে শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
# ফাইল ফটো




কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবাসিক হলে সিট দখল ও বহিরাগত ওঠানোকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, হল দখলচেষ্টাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কসহ কয়েকজন নেতা-কর্মী নিজ দলের এক কর্মীর নাক ফাটিয়ে দেন। এ ঘটনায় অন্তত তিন শিক্ষার্থী আহত হয়েছেন; গুরুতর আহত একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা

হয়েছে।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের তৃতীয় তলার ছাদে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই হলে বিক্ষোভে ফেটে পড়েন আবাসিক শিক্ষার্থীরা।


অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুবি শাখা ছাত্রদলের ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও একই শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তরিকুল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত।


ভুক্তভোগীরা হলেন নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম আবির, অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তোফায়েল আহমেদ নিবিড় এবং একই শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থী সৌরভ কাব্য। সৌরভ কাব্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ভুক্তভোগীরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।


হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি আতিকুর রহমান হল কর্তৃপক্ষকে অবহিত না করে দত্ত হলের ৫০০২ নম্বর কক্ষে অবস্থান নেন এবং সেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আরেক কর্মীকে তোলেন। একইভাবে ২০৪ নম্বর কক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রদল কর্মী সিফাতকে নিয়মবহির্ভূতভাবে রাখার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৮তম ব্যাচ) শিক্ষার্থীরা আপত্তি জানান এবং হলের সিনিয়রদের অবহিত করেন।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার দিন সন্ধ্যায় আতিকুর রহমান কয়েকজন অনাবাসিক শিক্ষার্থী ও কর্মীকে নিয়ে হলের বিভিন্ন কক্ষে যান এবং তাদের বিভিন্ন সিটে থাকার নির্দেশ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মৌখিক বাকবিতণ্ডা শুরু হয়। রাতের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে গেলে শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর উপস্থিতিতে আতিকুর রহমান নিবিড়ের কলার ধরে থাপ্পড় মারেন। বাধা দিতে গেলে আবিরকে ধাক্কা দেওয়া হয় এবং সৌরভ কাব্যকে নাকে ঘুষি মারা হয়, এতে তার নাক ফেটে যায়। একপর্যায়ে হলের অন্যান্য শিক্ষার্থীরা ছুটে আসেন। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের ধাওয়া দিলে তারা হল এলাকা থেকে পালিয়ে যান।


ঘটনার পর শিক্ষার্থীরা হল প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং হল প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।


হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দলীয় পরিচয়ে অছাত্রদের হলের কক্ষে তোলার চেষ্টা করছেন ছাত্রদলের কিছু নেতা-কর্মী। ক্ষমতার পরিবর্তনের পর একটি পক্ষ হল দখল ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও তারা দাবি করেন। বিজয় চব্বিশ হলসহ আরও কয়েকটি হলে একই ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।


নাক ফাটানোর বিষয়ে কাব্যের বন্ধু ও ছাত্রদল কর্মী হুসাইন বিন আলি বলেন, কাব্যের নাকের হাড় ভেঙে গেছে। দিনের বেলা তাকে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হবে।


এ বিষয়ে ভুক্তভোগী তোফায়েল আহমেদ নিবিড় বলেন, ‘আমরা ছাদে ছিলাম। এর মধ্যে ছাত্রদলের আতিক এসে আমার কলার ধরে চড় মারে। আর ১৭ ব্যাচের একজনের নাকে ঘুষি মেরে রক্ত বের করে দেয়। তাদের সঙ্গে সাইফুল, তরিক ও ১৮ ব্যাচের সিফাত নামের এক শিক্ষার্থী ছিল। তখন সৌরভের নাক ফেটে যায়। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমার হাত মচকে যায়। আতিক আমার বিভাগের সাবেক শিক্ষার্থী। সে আমাকে রাজনৈতিকভাবে মারধর করেছে।’


বহিরাগত হয়েও ছাত্রদলের প্রভাব খাটিয়ে হল দখলের চেষ্টা ও শিক্ষার্থীদের মারধরের বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, বিষয়টি সাংগঠনিকভাবে সমাধান করা হবে।


শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. ম. জনি আলম বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। হল প্রশাসনের কারও সম্পৃক্ততা থাকলে তা খতিয়ে দেখা হবে। প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা করে অভিযুক্ত বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” 

১৯ ঘন্টা আগে শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন